এবার হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ১১:৫৭:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : শোকজের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
আজ বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
দপ্তর সম্পাদকের পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (কেন্দ্রীয় সংসদ) সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।




