ওয়ার্ল্ড ভিশনের সহযোগতিায় সিলেটে শিশু ও যুব সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ১০:২৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগতিায় সিলেটে শিশু ও যুব সমাবেশ সম্পন্ন হয়েছে সোমবার। নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সমাবেশে দুই শতাধিক শিশু যুব ফোরামের সদস্য অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতের লিডার। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন শিশুদের অধিকার রক্ষা এবং নেতৃত্ব বিকাশে শিশু ও যুব সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আগামীদিনের ভবিষ্যৎ শিশু কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। এ জন্য তিনি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানান। সেই সাথে এ ধরনরে মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, মানব সন্তানের নতৃত্ব বিকাশ
শিশুকাল থেকেই শুরু হয়। তাই শিশুদের সুশিক্ষিত করে গড়ে তোলার কোন বিকল্প নেই। শিশু ও যুব সমাজকে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরি করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ওয়ার্ল্ড ভিশনের সিলেট এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আানাস হাবিব কলিন্স, ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মকর্তা অপূর্ব চিসিম, প্রোগ্রাম অফিসার অশেষ রেমা, আকাশ আহমদ মুন্না, জাফরুল আহমদ, সানি আহমদ, রুহুল আমিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে স্টিপ তাপস চিসিম বলেন, ওয়ার্ল্ড ভিশনের প্রধান কাজ হচ্ছে শিশু সুরক্ষা। এ লক্ষ্য নিয়েই সিলেটে ব্যাপক কাজ চলছে। পাশাপাশি হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।



