যুক্তরাজ্যে ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ভূষিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৮:৩৪:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কার পেয়েছেন। নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও লিঙ্গ সমতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ লন্ডনে এই পুরস্কারে ভূষিত হন তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় লন্ডনের মেক্সিকো দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেস ব্লাঙ্কো অরতিজ মেনা, যিনি বর্তমানে ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্ক’-এর প্রেসিডেন্ট।
আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন, সেটি হচ্ছে- ‘চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’।
দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন এবং যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে তিনি নারীর অধিকার এবং জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করতে কূটনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত প্রায় ৫০ জন নারী কূটনীতিক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আবিদা ইসলাম ১৯৯৫ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচ থেকে বাংলাদেশ পররাষ্ট্র সেবায় যোগ দেন। এরপর তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।




