শহীদদের স্মরণে শাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথনে অংশ নিলো ৪০০ অ্যাথলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ১২:৩২:২৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস’ নামে প্রতীকী ম্যারাথন। এতে অংশ নিয়েছেন প্রায় ৪০০ অ্যাথলেট। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এসময় জুলাই আন্দোলনে শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য ছিল পৃথক রেজিস্ট্রেশন ফি।
ম্যারাথনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
এছাড়াও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল আমিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ।
সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে।’




