জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে সুনামগঞ্জের আরিফ ও তানভীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৪১:২৩ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র আগামী ২ (দুই) বছরের জন্য কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সহসভাপতি পদে জায়গা পেয়েছেন সুনামগঞ্জের আশরাফুল ইসলাম আরিফ ও তানভীর আহমেদ চৌধুরী। গত সোমবার (২৮শে সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধা, যোগ্যতা, নৈতিকতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে তারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এর মধ্যে তানভীর আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করেছেন। পাশাপাশি তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে (মাস্টার্স) উচ্চশিক্ষা গ্রহণ করছেন। শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর তানভীর আহমেদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশাকে ধারণ করে একটি মেধাভিত্তিক, নৈতিক ও জনকল্যাণমুখী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। একই সঙ্গে তরুণদের নেতৃত্বের বিকাশ, শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।



