জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে তাকরীম ও আবুল আলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৭:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র আগামী ২ (দুই) বছরের জন্য কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তৌফিক এলাহী তাকরীম এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিকী আবুল আলা দায়িত্ব পেয়েছেন। গত সোমবার (২৮শে সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া তৌফিক এলাহী তাকরীম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা।
অন্যদিকে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া সিদ্দিকী আবুল আলা সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নবনির্বাচিত দুই নেতা জানান, শিক্ষার্থীদের অধিকার আদায় ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তারা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।



