শান্তিগঞ্জে আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ১১:২৩:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদের সভাপতিত্ব ও শাহরিয়ার হক নাবিলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অনকোলজিস্ট ডা. ফয়জুর আহমেদুজ্জামান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান, এবং মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সদস্য ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই কৃতিত্ব কেবল পরীক্ষার ফলাফল নয়,এটি একটি নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে শিক্ষার্থীদের মূল পরিচয়। এখন থেকেই জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে হবে দেশ ও সমাজের জন্য।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ আরও ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
তাদের হাতে “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র ও উৎসাহমূলক উপহার তুলে দেওয়া হয়।
এছাড়া পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।




