ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৫:৫৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পানির তীব্র সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও জরাজীর্ণ ভবন সংস্কারসহ বিভিন্ন দাবিতে ক্লাশ বর্জন করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্লাস বর্জন করেছেন তাঁরা। পরে শিক্ষার্থারা জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসসহ অন্যান্য হোস্টেলগুলোতে সুপেয় পানির তীব্র সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জরাজীর্ণ অবকাঠামো ও রুম ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা বিরাজ করছে।
তাছাড়া গত অর্থবছরে হোস্টেল সংস্কারের জন্য বাজেট বরাদ্দ থাকলেও তার সঠিক ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি। তারা অবিলম্বে বাজেট ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানান। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রতিদিন ক্লিনিকে, ওয়ার্ডে কাজ করি। পড়াশোনা নিয়েও চাপে থাকি। অথচ পানির জন্য হোস্টেল ছেড়ে বাইরে যেতে হয়, বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পড়তে হয়।’
এর আগে গতকাল বুধবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অধ্যক্ষ দাবি সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।
শিক্ষার্থীরা জানান, আগামী শনিবার পর্যন্ত তারা কলেজ প্রশাসনকে সময় দিচ্ছেন। এর মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন বেশ কয়েকজন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী। তারা বলেন, ‘চিকিৎসা শিক্ষার পরিবেশ যদি ন্যূনতম মানসম্পন্ন না হয়, তাহলে ভবিষ্যতের চিকিৎসকরা চরমভাবে প্রভাবিত হবেন।’




