শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড সড়কে বড় গর্ত ঈদকে সামনে রেখে দুর্ঘটনার শঙ্কা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৩:৪২:৪৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: ঈদুল ফিতরকে সামনে রেখে যখন মানুষের যাতায়াত বাড়তে শুরু করেছে, ঠিক সেই সময় শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের বাসস্ট্যান্ড এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ব্যস্ত এই সড়কের এমন বেহাল অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পথচারী ও যানবাহন চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে ড্রেনের পানি নিষ্কাশনের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় নির্মাণাধীন ড্রেনের পানি মূল সড়কেই জমে থাকে। ফলে দীর্ঘদিন ধরে পানির কারণে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই সড়কটি প্রতিদিনই থাকে ব্যস্ত। বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি বিপুল সংখ্যক পথচারী এই সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তার মাঝখানে তৈরি হওয়া বড় বড় গর্তের কারণে যানবাহন চালাতে গিয়ে চালকদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে, একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
স্থানীয় কয়েকজন পথচারী জানান, সড়কে পানি জমে থাকার কারণে অনেক সময় গর্তগুলো স্পষ্টভাবে বোঝা যায় না। এতে বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। সামান্য অসতর্কতায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে, ঈদকে সামনে রেখে আগামী দিনগুলোতে মানুষের চলাচল আরও বৃদ্ধি পাবে। ফলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ড্রেনের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা এবং সড়কের বড় বড় গর্তগুলো দ্রুত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধানের জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন তারা।




