মতবিনিময় সভায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক
‘সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ১:০৬:৪৯ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশের জনগণ একটি অস্থির সময় পার করছে। দীর্ঘ ২০ বছরের স্বৈরতন্ত্রের অবসান হলেও সামগ্রিক বিচারে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব এখনো নিরাপদ নয়। এমতাবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা ও সর্বক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সে হিসেবে আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন পেলে সিলেট- ৫ নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়ন ও বঞ্চিত জনতার অধিকার প্রতিষ্ঠায় জীবনের শেষ সময়গুলো উৎসর্গ করতে চাই।
তিনি গতকাল বুধবার সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জ-কানাইঘাটের আলেম- উলামা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। সিলেট ৫ আসনে খেজুর গাছ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় মাওলানা আবুল হোসাইন চতুলী ও মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের আলেম সমাজের অভিভাবক, প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মিপুরী।
জমিয়ত সভাপতি আরো বলেন, নাগরিক অধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও নাগরিক অধিকার, সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীসহ সকলের উন্মুক্ত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করতে চাই। তিনি প্রতিশোধ পরায়ণতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, গুম-খুন ও অস্ত্রের ঝনঝনানী বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি চর্চা নিশ্চিতকরণে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, মহান আল্লাহর দয়ায় আর আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, কৃষিখাতে উন্নয়নসহ দুর্নীতিমুক্ত উন্নয়নশীল জকিগঞ্জ-কানাইঘাট উপহার দিতে আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সিলেটে অবস্থানরত জকিগঞ্জ- কানাইঘাটের বিপুল সংখ্যক পেশাজীবী, আলেম-উলামা ও সুধী জনের উপস্থিতিতে সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম এ মতীন চৌধুরী, উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ বাবলু, আব্দুল আজিজ হারুন চেয়ারম্যান, সাবেক এডিসি ইয়াহিয়া আহমেদ,আল মানার হাসপাতালের ডিরেক্টর জয়নুল আবেদীন, শিক্ষাবিদ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, সাইফুল্রাহ খালেদ, ইঞ্জিনিয়ার ফারুক আহমদ।-বিজ্ঞপ্তি




