শ্রীমঙ্গলে এক সপ্তাহে চার অজগর উদ্ধার, এলাকায় আতঙ্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৩:৫৬:২৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সপ্তাহে চারটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। নোয়াগাঁও ও ইছবপুর গ্রামের ধানক্ষেত ও ঝোপঝাড় থেকে এসব অজগর উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা শহর থেকে প্রায় দুই কিমি দূরে অবস্থিত নোয়াগাঁও গ্রামের ফকিরবাড়ি সংলগ্ন ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ একটি অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ফাউন্ডেশনকে খবর দেন।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
এর পাঁচ দিন আগে, ২৩ নভেম্বর একই গ্রাম থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়।
অন্যদিকে পার্শ্ববর্তী ইছবপুর গ্রামে ২৪ ও ২৭ নভেম্বর দুই দিনে আরও দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ।
এর মধ্যে ২৪ নভেম্বর উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি।
স্থানীয় পরিবেশ সচেতনরা জানাচ্ছেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের ঝোপঝাড় ও জঙ্গল ও বনাঞ্চল নির্বিচারে উজাড় হওয়ায় বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাস সংকুচিত হচ্ছে।
এক শ্রেণী সঙ্ঘবদ্ধ প্রভাবশালী গোষ্ঠী বনাঞ্চলের বিস্তীর্ণভূমি দখল করে বসতি, বাগান ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে বন্য পশুপাখি খাদ্য সংকটে পড়ে লোকালয়ে ঢুকে পড়ছে।
ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় অজগরসহ নানা ধরনের সাপ, বণ্যপ্রাণী ও দুর্লভ পাখি মানুষের হাতের নাগালে ধরা পড়ছে। এতে বন্যপ্রাণীর জীবন যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছে।




