সুনামগঞ্জে আজ শুরু হবে বাঁধের কাজ, ৪৩৩ কি. মি. বাঁধের জন্য বরাদ্দ ১০৩ কোটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ২:০২:৩১ অপরাহ্ন
শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে : আগাম বন্যার কবল হতে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের সুরক্ষা দিতে নীতিমালা অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও পুননির্মাণ কাজ। জেলার ১২ উপজেলায় এক যোগে কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন।
তবে হাওর থেকে পুরোদমে পানি না নেমে যাওয়া ও বাঁধ জরিপ কাজের বিলম্বের কারনে প্রকল্প প্রস্তুত না হওয়ায় প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট সংখ্যক বাঁধের কাজ শুরু হবে। হাওর থেকে পানি নামার সাথে সাখে পুরোদস্তুর কাজ শুরু কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে বাঁধ নির্মাণ কাজ শেষ করতে মনিটরিং জোরদারের পাশাপাশি সুচারুভাবে বাঁধের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
গতকাল রোববার জেলা প্রশাসন কার্যালয়ে জেলা কাবিটা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩ হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও পুননির্মাণ কাজ বাস্তবায়ন অনুযায়ী এখন পর্যন্ত ৫১০ টি প্রকল্প প্রস্তুত রয়েছে। জরীপকৃত বাঁধের মধ্যে ৪৩৩ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ১০৩ কোটি ৩২ লাখ টাকার প্রয়োজন।
তবে শতভাগ স্কীম প্রনয়নের পর বরাদ্দ ও প্রকল্পের পরিমাণ বাড়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা এখন পর্যন্ত অনুমোদিত প্রকল্পের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১০ টি প্রকল্পে ৪.৬৭৯ কিলোমিটারের জন্য ১কোটি ৮৩ লাখ টাকা, বিশ্বম্ভরপুর উপজেলা ২৩ টি প্রকল্পে ১৫.৬৫৪ কিলোমিটারের জন্য ৪ কোটি ৭৫ লাখ টাকা, তাহিরপুর উপজেলায় ৭৩টি প্রকল্পে ৬৭.০৬৪ কিলোমিটার বাঁধের জন্য ১৬ কোটি টাকা, জামালগঞ্জ উপজেলায় ৩৭টি প্রকল্পে ৪০.৭১১ কিলোমিটার বাঁধের জন্য ৬ কোটি ৮৩ লাখ টাকা, ধর্মপাশা উপজেলায় ৭৭ টি প্রকল্পে ১০১.১০৯ কিলোমিটার বাঁধের জন্য ১৬ কোটি ৯৪ লাখ টাকা, মধ্যনগর উপজেলার ৪১ প্রকল্পে ৫৮.১৫৯ কিলোমিটার বাঁধের জন্য ৮কোটি ৮০ লাখ টাকা, জগন্নাথপুর উপজেলার ৩৭টি প্রকল্পে ১৮.১৭৯ কিলোমিটার বাঁধের জন্য ৬কোটি ১৩ লাখ টাকা, শান্তিগঞ্জ উপজেলার ৪৮টি প্রকল্পে ৩৩.৩০২ কিলোমিটার বাঁধের জন্য ৮ কোটি ৭০ লাখ টাকা, দিরাই উপজেলায় ৬২ প্রকল্পে ৩৬.৮৪০ কিলোমিটার বাঁধের জন্য ১৪ কোটি ১৫ লাখ টাকা , শাল্লা উপজেলার ৬২ প্রকল্পে ৪৩.১৭৭ কিলোমিটার বাঁধের জন্য ১৩ কোটি ৯১ লাখ টাকা, দোয়ারাবাজার উপজেলায় ১৫টি প্রকল্পে ৫.৯৩২ কিলোমিটার বাঁধের জন্য ২ কোটি ৩৫ লাখ টাকা ও ছাতক উপজেলার ২৫ টি প্রকল্পে ৯.০১১ কিলোমিটার বাঁধের জন্য ২ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড পওর-১ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, এখনও হাওর থেকে পানি সরছে না। তাই বাঁধের সার্ভে কাজ ও স্কীম প্রস্তুত করতে বিলম্ব হয়েছে। তবে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়ছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,আজ ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। যে বাঁধের কাজ আগে শুরু হবে সেটির কাজ আগে শেষ করতে হবে। নীতিমালা মেনে বাঁধ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।




