১৯ তম মৃত্যুবার্ষিকীতে সিলেটের ডাক পরিবারের আলোচনা সভা
‘রাবেয়া খাতুন চৌধুরী একজন অসাধারণ নারীর প্রতিচ্ছবি’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন নারী জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি আজীবন দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ নারীর প্রতিচ্ছবি। ছিলেন মমতাময়ী মা, দক্ষ সংগঠক ও আদর্শ স্ত্রী। তিনি ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলীর মূল প্রেরণাদাত্রী। নিজ কর্মগুণেই রাবেয়া খাতুন চৌধুরী মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
‘দৈনিক সিলেটের ডাক-এর প্রয়াত সম্পাদক মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের ডাক পরিবার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার রাতে দৈনিক সিলেটের ডাক পত্রিকার কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সিলেটের সাংবাদিক সংগঠনসমূহের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ যোগ দেন।
দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসনের সভাপতিত্বে ও চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও সিলেটের ডাকের সাবেক নির্বাহী সম্পাদক ইকবাল সিদ্দিকী, সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক ইত্তেফাকের সিলেটের ব্যুরো প্রধান হুমায়ূন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান খালেদ আহমদ, বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা আমজাদ হোসাইন, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর সোহেল, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এমএ হান্নান, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, দৈনিক নওরোজের সিলেট ব্যুরো প্রধান মো. মুহিবুর রহমান, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ সোহেল, বিজ্ঞাপন ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সাংবাদিক এম রহমান ফারুক প্রমুখ। অনুষ্ঠান ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সম্পাদক সাকিব আহমদ মিঠুসহ দৈনিক সিলেটের ডাক-এর বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আরও বলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত সিলেটের ডাক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তিনি শিখিয়ে গেছেন কিভাবে সবার সাথে ভালো সম্পর্ক করা যায়, কিভাবে মানুষের পাশে থেকে সহযোগিতা করা যায়, কিভাবে মানুষের জন্য কাজ করা যায়। তিনি বিভিন্ন সামাজিক কাজ করে গেছেন, যার ফল মানুষজন আজো পাচ্ছে। তিনি সাংবাদিকদের স্নেহ করতেন, ভালোবাসতেন। বাংলোতে গেলেই তিনি আমাদেরকে নিজ হাতে আপ্যায়ন করাতেন। আমরা কেউ বিপদে পড়লে তিনি সবার আগেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
বক্তারা আরো বলেন, সিলেটের স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া এমনকি মিডিয়ার ক্ষেত্রেও দানবীর রাগীব আলীর বিপুল অবদান। এসব প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তারা আরো বলেন, দানবীর রাগীব আলী যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলেছে। আর এর নেপথ্যের কারিগর ছিলেন-বেগম রাবেয়া খাতুন চৌধুরী।
পরে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং দানবীর ড. রাগীব আলীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন তিলাওয়াত ও শেষে মোনাজাত করেন সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার হাফিজ মাওলানা ফায়যুর রাহমান।




