কোম্পানীগঞ্জে সেতুর নিচ থেকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪৩:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে সেতুর নিচ থেকে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচ থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত রিভলবারটি জাপানের তৈরি। এ ছাড়া উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে একটি ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ ও একটি ‘নিওজেল এমালসন এক্সপ্লোসিভ’।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা নাশকতার কাজে ব্যবহারের জন্য এনেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
র্যাব জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বুধবার পর্যন্ত র্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।




