সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রচারণায় চার শতাধিক প্রবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২:৫৪ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা একুডেশন ট্রাস্ট ইউকের ৬০ জন প্রবাসী প্রচারণায় নেমেছেন।
এছাড়াও বিভিন্ন দেশ থেকে কমপক্ষে চার শতাধিক প্রবাসী দেশে এসে প্রচারণায় অংশ গ্রহণ করছেন।
গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও পথচারিদের কাছে ধানের শীষের লিফলেট বিতরণ করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ। এসময় তারা ধানের শীষে ভোট প্রার্থনা করে বাজারের ওলিগলি ঘুরে গণসংযোগ করেন। পরে উপজেলার বিভিন্ন হাট বাজারে দিনব্যাপী গণসংযোগ করে ধানের শীষের প্রচারণা চালান। প্রচারণায় অংশ নেয়া ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ কাদির বলেন, বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমদ আমাদের ট্রাস্টেরই একজন ট্রাস্টি ।
তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করছেন। তার পক্ষে প্রচারণায় অংশ নিতে আমরা ৬০ জন ট্রাস্টি দেশে এসে মাঠে কাজ করছি। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মহিব চৌধুরী জানান, আমরা আনুষ্ঠানিকভাবে কয়ছর আহমদের ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছি। আমাদের ট্রাস্টের আরো অনেকে দেশে ফিরে নিজ নিজ এলাকায় প্রচারে অংশ নেবেন। ইনশাআল্লাহ এলাকার উন্নয়নের স্বার্থে সম্মানিত ভোটাররা কয়ছর আহমেদকে বিজয়ী করবেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় চার শতাধিক প্রবাসী দেশে ফিরে ভোটের মাঠে কাজ শুরু করেছেন। তাদের পদচারণায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। আমাদের রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। একইভাবে ভোটের মাঠে তাদের প্রভাব থাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে ভোটযুদ্ধে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর চারজন প্রবাসীর মধ্যে তিনজন যুক্তরাজ্য ও একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর তিনজন স্থানীয়ভাবে রাজনীতি করলেও আছেন প্রবাসী আত্মীয় স্বজন। রয়েছে প্রবাসে যাতায়াত।
নির্বাচনে অংশ নেয়া সাত প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ (ধানের শীষ), যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (তালা), খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মুশতাক আহমেদ (দেয়াল ঘড়ি), আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ তালহা আলম (ঈগল পাখি) প্রতীকে ভোটযুদ্ধে লড়ছেন।
অপর তিনজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবু খালেদ তুষার (টেবিলঘড়ি) ও হুসাইন আহমেদ (ফুটবল)।
এই তিনজনের মধ্যে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও আবু খালেদ তুষারের যুক্তরাজ্যে যাওয়া আসা রয়েছে। এসব প্রার্থীদের পক্ষে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।




