২২ জানুয়ারি দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা
দুই দশক পর সিলেট সফরে আসছেন তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১১:০৯ অপরাহ্ন
মোহাম্মদ সিরাজুল ইসলাম :
প্রায় দুই দশক পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। ২০০৫ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন সিলেট সফরে। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। ১৯৯১ সালে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে দুই প্রখ্যাত ওলি হযরত শাহজালাল(র.) ও হযরত শাহপরান(র.) মাজার জিয়ারতের মাধ্যমে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতেন। বেগম জিয়ার অবর্তমানে তার বড় ছেলে তারেক রহমান এবার সিলেট থেকে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। স্বাভাবিক কারণেই তাঁর সফর নিয়ে দলের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যেও তারেক রহমানের সিলেট সফর নিয়ে আগ্রহের কমতি নেই।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ প্রতিবেদককে জানান, ২২ জানুয়ারি সারাদেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। এ দিন সিলেটে দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন দলের চেয়ারম্যান। তিনি বলেন, ১৯৯১ সালের পর বিএনপি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছে, সবগুলোর প্রচারণা পূণ্যভূমি সিলেট থেকে শুরু করতেন দলের মরহুমা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতা দলের চেয়ারম্যান তারেক রহমানও বজায় রাখছেন। সিলেটের মানুষ সৌভাগ্যবান যে, দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তিনি এ অঞ্চল থেকে প্রচারাভিযান শুরু করছেন। পাশাপাশি সিলেটের সাথে তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। অতিথিপরায়ণ হিসেবে সিলেটের খ্যাতি সর্বত্র। প্রিয় আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপি নেতা-কর্মী তথা সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিলেট সফর কর্মসূচি সফল করতে দলের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে এ বিএনপি নেতা বলেন, মঙ্গলবার তারা সিলেট ও সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপি প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন। বৈঠকে তারেক রহমানের সমাবেশের লোক সমাগমসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জামাতা হচ্ছেন তারেক রহমান। তার মেয়ে ডা. যোবায়দা রহমানের স্বামী হচ্ছেন-তিনি। সম্প্রতি লন্ডনে বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান নিজেকে ‘হাফ সিলেটী’ হিসেবে অভিহিত করেন।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমান ২০০৫ সালে সর্বশেষ সিলেট সফর করেন। সে সময় তিনি সিলেট স্টেডিয়ামে একটি কর্মী সমাবেশে যোগ দেন। দীর্ঘ প্রায় দেড় যুগ পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মারা যান। গত ৯ জানুয়ারি তারেক রহমান দলের চেয়ারম্যান নিযুক্ত হন।
সফরসূচিতে যা থাকছে
দলীয় সূত্র অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
সূত্র মতে, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সমাবেশে সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার।
বিএনপির প্রস্তুতি:
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী প্রচারণার এই জনসভায় ব্যাপক জনসমাগম ঘটাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত ১০টায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এতে দলের সিলেট কেন্দ্রীয় নেতৃবন্দ, সিলেট ও সুনামগঞ্জে এমপি প্রার্থীরা উপস্থিত থাকবেন। এছাড়া, পরদিন বুধবার নগরীর তোপখানায় মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ড নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।




