জকিগঞ্জ-কানাইঘাটের ৭৭৯ শিক্ষার্থী পেল ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:২৬:৩২ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় শিক্ষা বিস্তারে ব্যতিক্রমী ও ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ শনিবার জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ বিতরণ করা হয়। বৃত্তি বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং শুভ্রকান্তি দাশ চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও বিপিএল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আল চৌধুরী বলেন, শিক্ষা ও মানবিক উন্নয়নই আমার ধ্যান-জ্ঞান। আমার লক্ষ্য এই এলাকাকে এগিয়ে নেওয়া। সম্মানবোধ থেকেই আমরা প্রথমবারের মতো ট্রাস্টের মাধ্যমে পেনশন স্কিম চালু করেছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ না করলে সাফল্য অর্জন সম্ভব নয়। নিজের সাফল্যের পেছনে মায়ের দোয়া ও পরিবারের অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ট্রাস্ট সূত্র জানায়, ১০০ নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে। ৮০ ও তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২ হাজার ৫শ টাকা, ৭০ থেকে ৭৯ নম্বরপ্রাপ্তরা ২ হাজার টাকা এবং ৬০ থেকে ৬৯ নম্বরপ্রাপ্তরা ১ হাজার ৫শ টাকা করে বৃত্তি পেয়েছে। গত বছরের ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের ২৫৪টি এবং দ্বিতীয় দিনে মাধ্যমিক পর্যায়ের ৯৮টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ বছর বৃত্তির অর্থের পাশাপাশি প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ট্রাস্টের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ের ১০টি এবং মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও ট্রাস্টের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৪ জন শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বেসরকারি উদ্যোগে এ ধরনের পেনশন স্কিম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যপ্রবাসী ফাহিম আল ইছহাক চৌধুরী ২০০২ সাল থেকে ব্যক্তিগত উদ্যোগে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষা, মানবিক সেবা, উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ কে মামুন, সমাজসেবী তোফায়েল আহমদ চৌধুরী, আলতাফ হোসেন সাকিবসহ দুই উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। অভিভাবক ও সুধীজনদের মধ্যে বক্তব্য দেন কুতুব উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, আব্দুল হামিদ, জয়েদ আহমদ ও বদরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাহিম আল চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।




