মাদ্রাসা মাঠে আচরণবিধি মেনে জনসভা মঞ্চ, বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত
তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে ৬ স্তরের নিরাপত্তা বলয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৯:১১ অপরাহ্ন
কাউসার চৌধুরী :
সিলেটে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দলীয় চেয়ারম্যানের নির্বাচনী জনসভা সফল করতে মাদ্রাসা মাঠে নির্বাচনী আচরণবিধি মেনে জনসভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে উজ্জীবিত সিলেট বিএনপি। দলীয় নেতা-কর্মী ও আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার সিলেট সফরে আসবেন। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের পর তিনি সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এতে বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
জনসভা সফলে ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের মুখপাত্র (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটের ডাককে বলেন, এটি মূলত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। সিলেট মহানগর এলাকার কর্মসূচির কারণে এর যথাযথ নিরাপত্তা দেয়াও আমাদের দায়িত্ব। সিলেটের বিএনপি নেতৃবৃন্দ এরই মধ্যে এসএমপি কমিশনারের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সকল ভেন্যুতে যাবেন, চলাচলের পথে নিরাপত্তা দেয়া হবে। পোশাকী পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ থাকবে। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলও অনুরূপ নিরাপত্তা পাবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের ডাককে জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নির্বাচনী আচরণবিধি মেনেই মঞ্চ তৈরি করা হচ্ছে। তাঁর সফরকে সফল করতে ইতোমধ্যে সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাদ্রাসা মাঠের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। দেশের রাজনীতিতে মাদ্রাসা মাঠের এই জনসভা হবে মাইলফলক। তিনি বলেন, বিএনপির হাত ধরেই দেশের উন্নয়ন হয়েছে। আগামী দিনেও তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গঠন করা হবে। জনসভা সফলে তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। মাদ্রাসা মাঠের এই জনসভা সফল করতে সিলেটজুড়ে লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগও করা হয়েছে। বিএনপির পাশাপাশি সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও কাজ করছেন। সবার সহযোগিতায় এই জনসভায় বিপুল লোকসমাগম হবে। এই জনসভা সিলেটের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। জানা গেছে, লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর সিলেট সফরের মধ্য দিয়েই ঢাকার বাইরে সফরে আসছেন তারেক রহমান। আগামীকাল বুধবার তিনি পুণ্যভূমি সিলেট সফরে আসছেন। রাতে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থানের পর বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভার মধ্য দিয়ে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাঁর আগমন ঘিরে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ। নির্বাচনী এই জনসভায় তারেক রহমান সিলেটবাসীকে কি বার্তা দিয়ে যাবেন, সাধারণ মানুষের মাঝে সেই জল্পনা-কল্পনাও রয়েছে।
জনসভা সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও চালিয়েছেন বিরামহীন প্রচারণা। লিফলেট বিতরণের পাশাপাশি সাঁটানো হয়েছে ব্যানার – ফেস্টুন। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাগণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও প্রচারণায় যুক্ত হয়েছেন। একুশ বছর পর সিলেটে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে নানা কারণে অনেক গুরুত্বপূর্ণ। জানা গেছে, জনসভায় নিরবচ্ছিন্ন সাউন্ড সুবিধার জন্যে রাজধানী ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে সাউন্ড সিস্টেম। মাদ্রাসা মাঠকে কেন্দ্র করে এখন ছুটছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে।
এসএমপি সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জনসভাসহ তারেক রহমান যেসকল ভেন্যুতে যাবেন সেখানে পোশাকী পুলিশের পাশাপাশি থাকবেন সাদা পোশাকের পুলিশ। থাকবে রুট প্রটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ, পিকেটসহ ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় একইভাবে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিলেট নগরের প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দলও মোতায়েন থাকবে।
এছাড়াও নগরের যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কেবল পুলিশই নয় বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা ব্যবস্থায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও মাঠে নেমেছেন বলে আইনশৃংঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।
দলীয় সূত্রমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার রাতে সিলেটে পৌছবেন। পরদিন বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আসন্ন জাতীয় নির্বাচনে এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। এই জনসভার পরে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
পথে তিনি মৌলভীবাজার জেলার শেরপুর এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরও দুটো জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব জনসভায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেবার কথা রয়েছে।




