চানখারপুলে ৬ জনকে হত্যা, সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৬:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন- সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম।
রায় ঘোষণার সময় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছেন।
এ ছাড়া একই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।




