জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে আটক ১১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:৩১:১৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি ঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করার অপরাধে ১১ জনকে আটক করে সকলকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে- এমন খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ যৌথভাবে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান চালায়। এ সময় গোয়াইনঘাট থানার এস আই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করায় ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।




