‘দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা মানবিক বাংলাদেশ উপহার দেবো’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:৩৮:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা মনে করি রাজনীতি মানে কেবল ক্ষমতা দখল নয়, রাজনীতি মানে হচ্ছে মানুষের অধিকার রক্ষা ও সমাজে ইনসাফ কায়েম করা। আজ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও সুশাসনের বড় প্রয়োজন। তিনি বলেন, দাঁড়িপাল্লা কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি হচ্ছে ন্যায়বিচার এবং ভারসাম্যের প্রতীক। আমরা কথা দিচ্ছি, যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে সমাজের প্রতিটি স্তরে ভারসাম্য বজায় রাখব এবং কারো উপর কোনো জুলুম হতে দেব না।
তিনি গতকাল শুক্রবার বাদ আছর নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বিভেদ ভুলে সবাই মিলে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার শপথ নেয়ার আহবান জানিয়ে বলেন, ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনার পবিত্র আমানত ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা মানবিক বাংলাদেশ উপহার দেবো. ইনশাআল্লাহ। সমাজসেবী সৈয়দ খিজির আহমদের সভাপতিত্বে ও ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- লেবার পার্টির সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ, শ্রমিক নেতা জাবেদ আহমদ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী রাজিক মিয়া, বিশিষ্ট সমাজসেবক নিয়াজ মো. আজিজুল করিম, ২নং ওয়ার্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ১নং ওয়ার্ডের মাজহারুল ইসলাম, মদনমোহন কলেজ শিবিরের সভাপতি মিজানুর রহমান ও আলিয়া মাদ্রাসা সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।




