জগন্নাথপুরে নদী ভাঙন কবলিত স্থানে বেড়িবাঁধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৬:১৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারের পশ্চিমে কুশিয়ারা নদী ভাঙনের কবলে পড়েছে স্থানীয় রাস্তা। যে কোন সময় রাস্তাটি নদীগর্ভে বিলিন হয়ে যাবে। এ রাস্তার পাশ দিয়ে নির্মাণ করা হচ্ছে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ। যেটিকে রাস্তা হিসেবে চালিয়ে দেয়া যাবে। নদী ভাঙনের কবলে থাকা স্থানে বেড়িবাঁধ নির্মাণ হলে সেটিও ভেঙে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ১৭নং পিআইসি প্রকল্পের মাধ্যমে এ বাঁধে মাটিকাটার কাজ চলছে। এ সময় উক্ত পিআইসি কমিটির সভাপতি লকুছ মিয়া ও মাটিকাটা ঠিকাদার শাহান মিয়া জানান, আমাদের কাজ প্রায় শেষপ্রান্তে রয়েছে। এক প্রশ্নের জবাবে তারা জানান, যতটুকু সম্ভব সরিয়ে বাঁধ নির্মাণ করেছি। আর সরানো সম্ভব নয়। পাশের জমির মালিক জায়গা দিচ্ছেন না। ফলে যেখানে কাজ দেয়া হয়েছে, আমরা কাজ করছি।
পাউবো জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, এখানে নদী ভাঙনরোধে নদীতে জিও টেক্স বস্তাভর্তি মাটি ফেলা হয়েছে। তবে কাজ এখনো দৃশ্যমান নয়। নদী ভাঙনে রাস্তাটি নদী ভাঙনের কবলে পড়েছে। তাই এটিকে বেড়িবাঁধের আওতায় আনা হয়েছে। যাতে রাস্তাটি নদীতে চলে গেলেও বাঁধের রাস্তা দিয়ে চলাচল করা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাশের জমির মালিক অবশিষ্ট জায়গা না দেয়ায় এখানেই প্রকল্প দেয়া হয়েছে।




