রমজানে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রতি বছরের মতো এবারও রমজান মাসে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছর বিক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। চলতি বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ৪৮টি স্থানে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে সভায় জানানো হয়।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার বরাবরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি আরও জানান, ইতোমধ্যে পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তারা গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করবে।




