কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে ফিরছে সাইফুর রহমানের নাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৩:৫৭:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বদলে যাচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। আজ মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে হচ্ছে পুনরায় এই অডিটোরিয়ামের নাম।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া এই অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অডিটরিয়াম সংস্কারে ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেবো। এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বিশি খরচ হয় তাতেও সমস্যা নেই।
এসময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওায় নিয়ে আসা প্রয়োজন। এতে সম্মতি প্রধান করেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিলো সিলেট অডিটরিয়াম। গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে রাখা হয়। গত আওয়ামীলীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয়- কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে। আবার ফিরছে এম সাইফুর রহমানের নামে।




