২০ হাজার টাকা বকেয়া বিল দিতে না পারায় কারাবরণ
জেলা প্রশাসক সারওয়ার আলমের সহায়তায় মুক্তি পেলেন মঙ্গল দাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৫:৩৯:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাত্র ২০ হাজার টাকা বকেয়া বিল দিতে না পারায় কারাগারে বন্দি হয়েছিলেন মঙ্গল দাস। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের নজরে এলে তিনি এগিয়ে আসেন তার সাহায্যে। এরপর জেলা প্রশাসক মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা দিলে বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন। প্রায় তিন মাস পর গতকাল বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গল দাস মুক্তি পেলেন। সিলেট এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের বিরশা দাসের ছেলে মঙ্গল দাস।
সিলেট জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় গত ১৮ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিদ্যুৎ আদালত। এরপর তিনি কারাগারে বন্দী ছিলেন। তবে গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হয় মঙ্গলের। বিস্তারিত অবগত হওয়ার পর জেলা প্রশাসক তার জামিনের ব্যাপারে তাকে আশ্বস্ত করেন। পরে তিনি বিদ্যুৎ আদালতকে মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর প্রেক্ষিতে সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন।

