পুলিশের পৃথক অভিযানে মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৫:৫১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত বুধবার গভীর রাতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে গোপাল এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারী মো. ফয়েজ তালুকদার (৩৩) ও শিপলু আহমেদ (২৮) কে আটক করেন। আটক ফয়েজ তালুকদার দক্ষিণ সুরমার সাধুর বাজার (বাবুল মিয়ার কলোনীর) ইসলাম উদ্দিন তালুকদারের পুত্র এবং শিপলু আহমেদ খোজারখলা আবাসিক এলাকার আব্দুল হান্নানের পুত্র।
ওই রাতেই পৃথক অভিযানে দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্ট এলাকা থেকে মাইদুল (৩৭) নামের আরও একজনকে আটক করা হয়। মাইদুল দক্ষিণ সুরমার বরইকান্দির মৃত দুদু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় আটককৃতরা বিভিন্ন থানায় একাধিক মামলার আসামী। এর মধ্যে ফয়েজ তালুকদারের বিরুদ্ধে ১৭টি, শিপলু আহমেদের বিরুদ্ধে ১২টি এবং মাইদুলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই চুরি, ছিনতাই, দস্যুতা, মারামারি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত।
আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা নং-১০/১০, তারিখ ২৮ জানুয়ারি ২০২৬, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৪ ধারায় মামলা রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


