গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৯:০১:২৮ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল নামক স্থানে ট্রাক চাপায় ঘটনাস্থলেই স্কুল শিক্ষক ও আজ শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসাইন (৪০) ও গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল (৫৭)।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে করে ঘটনাস্থলেই মোশাররফ হোসাইন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নিলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মোশাররফ হোসাইনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ থেকে শুক্রবার বিকেল গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং রাত ১০ টায় রস্তমপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। আর বাবুলের মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র। তিনি জানান, গতকাল একজনের এবং আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। ওইটা আটক করবো। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে উনাদের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, ইব্রাহিম খলিল প্রমুখ।
অপরদিকে ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



