ঈদের ছুটির শেষ দিনে আজ বৃষ্টি হতে পারে সিলেটে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ১:১৪:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : শীতের শেষে চৈত্রের শুরু থেকেই সারা দেশে সামান্য তাপমাত্রা বাড়লেও প্রকৃতিতে বিরাজ করছে বর্ষার আগাম আমেজ। গত সপ্তাহ থেকেই দেশের কোথাও না কোথাও হালকা বা ভারী বৃষ্টি চলছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলেছে ঝড়ের তাণ্ডব। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
আজ সোমবারও দেশের বেশ কিছু এলাকায় সামান্য থেকে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল মঙ্গলবারও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই আবহাওয়া বিরাজ করবে। এদিনও সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।



