বিশ্বনাথে ধনী-গরিব মিলে ঈদের দিন শিরণী খাওয়ার রেওয়াজ শত বছরের একটি ঐতিহ্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ১২:৪৪:৫২ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে অনেকটা ব্যতিক্রমভাবে পালিত হয় ঈদ আনন্দ উৎসব। বিশ্বনাথ পৌরশহরের সবচেয়ে নিকটবর্তী কারিকোনা গ্রামে ধনী-গরিব মিলে এক কাতারে বসে ঈদুল ফিতর ও ঈদুল আযহার দুই ঈদের দিনে শিরণী খাওয়ার একটি সুপ্রাচীণ ঐতিহ্য রয়েছে। গত প্রায় শত বছরের বেশি সময় ধরে এই রেওয়াজ চলে আসছে। এনিয়ে গ্রামবাসীরও আনন্দের সীমা নেই।
জানা গেছে, প্রায় ১শত ২১ বছর পূর্বে বর্তমান বিশ্বনাথ উপজেলার স্থানীয় কারিকোনা গ্রামবাসী প্রতি বছর দুই ঈদে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আযহায় গ্রামের ধনী-গরিব সবাই মিলে এক কাতারে বসে শিরণী খাওয়ার রেওয়াজ চালু করেন। ধনী ও গরিবের মধ্যে বিভেদ দূর করে দিয়ে গ্রামের মানুষের মধ্যে সামাজিক স¤প্রীতি সৃষ্টির লক্ষ্যে এই শিরণী খাওয়া দীর্ঘদিন ধরে চালু রয়েছে। প্রতিবারের ন্যায় এবারও ঈদের দিন শনিবার জোহরের আজান পড়ার সাথে সাথে ধনী-গরিব প্রায় প্রতিটি ঘর থেকে ২টি পৃথক পাত্রে রান্না করা মাংসের তরকারী ও সাদা ভাত মসজিদে নিয়ে আসা শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত খাবার আসতে থাকে। মসজিদে জোহরের নামাজ শেষ হওয়ার পর মসজিদে থাকা পঞ্চায়েতের বড় বড় পাত্রে আলাদা আলাদা করে বিভিন্ন ঘর থেকে আসা গরু, খাশি ও মোরগের মাংসের তরকারী রাখা হয়। আর ততক্ষণে মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে গ্রামবাসী বাড়ি থেকে নিয়ে আসা প্লেট নিয়ে সারিবদ্ধভাবে মাটিতে বসে অপেক্ষা করতে থাকেন। এরপর গ্রামের পঞ্চায়েতের মুরুব্বিরা খাবার বণ্টনের জন্য সব বয়সের কিছু লোক নিয়োগ করেন। ঈদগাহ প্রাঙ্গণে যখন সবাই শৃঙ্খলা মত বসা শেষ করেন তখন পঞ্চায়েতের মুরুব্বিদের নির্দেশে বণ্টনকারীরা খাবার দেওয়া শুরু করেন। এবার গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আশরাফ উদ্দিনের পক্ষ থেকে পঞ্চায়েতী শিরনীতে মিনারেল ওয়াটার সরবরাহ করা হয়।
কারিকোনা গ্রামের দীর্ঘদিনের প্রাচীন এই ঐতিহ্য সম্পর্কে পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফয়জুর রহমান বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ধনী-গরিব সবাই মিলে কারিকোনা গ্রামের বায়তুল মা’মুর জামে মসজিদে বসে শিরণী খাওয়ার রেওয়াজ আমাদের গ্রামের শত বছরের পুরনো একটি ঐতিহ্য। এ ধারা বর্তমানেও অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাদির রানু বলেন, দীর্ঘ প্রায় একযুগ পরে মসজিদে এসে শিরণী খেতে পারলাম। এতে যে আনন্দ পেলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন, এবছর অনেক প্রবাসী এসেছেন তারাও শরীক হয়ে এই শিরণী খেয়ে পরিতৃপ্তি পেয়েছেন।
গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের বলেন, প্রতিবারের ন্যায় এবারও গ্রামের ফুলকুঁড়ি সংঘের প্রায় অর্ধশতাধিক সদস্য শিরনী বিতরণে সহযোগিতা করেন। আমরা আশাবাদী ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্ম গ্রামের এই ঐতিহ্য ধরে রাখবে।



