দিরাইয়ে নিজ ভিটায় নিরাপত্তায় বসবাসের জন্য মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ৯:৫৬:১২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে নিজ বসতভিটায় নিরাপত্তার সাথে বসবাসের দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন অসহায় চান মিয়ার পরিবার। আজ বৃহস্পতিবার বিকেলে ৫ ঘটিকায় দিরাই পৌরশহরের থানা পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী চান মিয়া (৫০), তার মা তারা বানু বেগম (৮৫), ভাই লাল মিয়া (৫২), ছেলে শাহরিয়ার মিয়া (৩০) ও বোন স্বপ্না বেগম (৩৫) সহ পরিবারের সদস্যরা।
চান মিয়া অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ এপ্রিল তার কিশোর ছেলে সাকিল মিয়া (১৫) ও প্রতিবেশী প্রান্ত দাস (২০)-এর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে প্রান্ত দাস নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার তার বিরুদ্ধে, তার স্ত্রী ও তিন ছেলেকে আসামি করে মামলা দায়ের করে। পরবর্তীতে মামলায় তার স্ত্রী ও দুই ছেলে বেকসুর খালাস পান এবং তিনি ও তার ছেলে সাকিল বর্তমানে জামিনে রয়েছেন।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার (৩১ মার্চ) ভোর রাতে প্রতিবেশী কামিনী দাস (৩৫), রজত কান্তি দাস (৫০)সহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী ও বৃদ্ধা মাকে মারধর করা হয় এবং টিনের একটি ঘর ভাঙচুর করা হয়।
বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে চান মিয়া প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় তিনি দিরাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




