ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৩:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আক্তার হোসেন (৩২) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. নাছির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ভিকটিম মাহমুদা বেগম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন আকানগর এলাকার বাসিন্দা। ভিকটিমের স্বামী এবং ছেলে মালয়েশিয়া প্রবাসী এবং তিনি তার এক মেয়েকে নিয়ে দেশে বসবাস করেন। ১নং বিবাদী আক্তার হোসেন ভিকটিমের আপন ছোট ভাই এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে ভিকটিমের মামলা মোকদ্দমা ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল। গত ১৭ মার্চ রাত আনুমানিক ২ ঘটিকায় ১নং বিবাদী একজন লোক নিয়ে ভিকটিমের বাড়িতে যায় এবং টাকা পয়সা নিয়ে ভিকটিকমের সাথে ঝগড়া করে ও ভিকটিমকে হত্যার হুমকি দেন। এরই জের ধরে ঘটনার দিন গত ২০ মার্চ গভীর রাতে আক্তার ভিকটিমের বসত ঘরে ঢুকে ভিকটিমকে গোয়াল ঘরের বাঁশের খুঁটির সাথে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়। পরদিন ঈদের দিন সকাল বেলা ভিকটিমের পিতা ভিকটিমের বাড়িতে গিয়ে দেখেন যে, গরুর গোয়াল ঘরের বাঁশের খুঁটির সাথে হাত পা বাঁধা ভিকটিমের মৃতদেহ পড়ে আছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে বোন হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



