বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৯:২৫:০৩ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং সদরের দক্ষিণ-পূর্ব ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার(৬) ও জুবায়েল মিয়া (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩ টার দিকে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা যান।
নিহত দুই শিশু ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লা পাড়ার মো. লিটন মিয়ার শিশু সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চারা বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করছিলো। অসাবধানতাবশত এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পানিতে হাবুডাবু করতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুদের মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জানান, মাইজের মহল্লায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।




