নানা অনিয়মের অভিযোগে সিলেটের দুটি বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৯:৩০:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নানা অনিয়মের অভিযোগে সিলেটের দুটি বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার ও মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলকে এ জরিমানা করা হয়।
এরমধ্যে আয়েশা মেডিকেয়ারকে ৭৫ হাজার টাকা ও তাদের ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়ে সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব বলেন, আয়েশা মেডিকেয়ারের লাইসেন্স নেই। এছাড়া তাদের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে। আর ওই হাসপাতালের ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া শাহজালাল মেডিকেয়ারের লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে। তবে এ হাসপাতালে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, যা বেআইনী। এছাড়া এখানে অপারেশনের পূর্ব এনেসথেসিয়া যথাযথভাবে দেয়া হচ্ছে না। এমন নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ দুটি হাসপাতালকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।




