দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষে দু’জনের মৃত্যু, আহত- ৩০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৯:১৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের পৃথক সংঘর্ষে নিহত ২ ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার রফিনগর ইউনিয়নের সাদিরপুর ও রফিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকাল ৪ টার দিকে সাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ধান শুকানোর খলার ওপর দিয়ে ওই গ্রামের মাসুম মাটিবাহী ট্রলি গাড়ি চালানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘন্টাব্যাপী সংঘর্ষে আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৫) বুক টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
একই সময়ে রফিনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় মো. গিয়াসউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রফিনগর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। জানা যায়, ঘটনার আগের দিন রফিনগর গ্রামের আব্দুল জিহাদের একটি হাঁস নিখোঁজ হয়। এ ঘটনায় আব্দুল জিহাদ দায়ী করেন নিহত মো. গিয়াসউদ্দিনকে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার বেলা ৫ টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে মো. গিয়াসউদ্দিন বুকে টেঁটা বিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয়রা পৃথক সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনি রাণী তালুকদার আহাদ নুর ও গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এরমধ্যে গুরুতর আহত সাদিরপুর গ্রামের রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত কয়েকজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ডা. মনি রানী তালুকদার।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী পৃথক সংঘর্ষে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।




