নিজ মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রথম উদ্যোগ হতে হবে পরিবার থেকেই
কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৫:১৮ অপরাহ্ন
বাংলাদেশে মণিপুরী ভাষাকে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার জন্য প্রতিবছরের ন্যায় ‘মণিপুরী ভাষা উৎসব ২০২৬’ আজ শুক্রবার মৌলভীবাজার কমলগঞ্জের তেতইগাও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) আয়োজিত মণিপুরী ভাষা উৎসবে বক্তারা বলেন, বাংলাদেশে মণিপুরী ভাষা, সাহিত্যের চর্চায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন সময়োপযোগী। বিগত সতেরো বছর ধরে মণিপুরী ভাষা উৎসব শিরোনামে উৎসব আয়োজনের মাধ্যমে বামসাস যে দায়িত্ব পালন করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়।
বামসাসের সহ সভাপতি এল প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভাষা উৎসবের আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর থেকে আগত পেট্রিওটিক রাইটার্স ফোরামের সেক্রেটারি রাকেশ নাওরেম, ফোরামের লাইফ মেম্বর নবকুমার ওইনা, য়েংখোম ভাগ্যচন্দ্র সিংহ, চোংথাম সঙ্গীতা দেবী বিশিষ্ট ফোক সিঙ্গার বিনীতা লাইশ্রম এবং তেতইগাও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়াই রঞ্জিত সিংহ।
জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের শুরু করে বর্ণাঢ্য র্যালী নিয়ে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী- অতিথিরা। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পড়ুয়া মণিপুরী ভাষাভাষী শতাধিক শিক্ষার্থী ভাষা বিষয়ক পরীক্ষায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নিজ মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রথম উদ্যোগ হতে হবে নিজ নিজ পরিবার থেকেই। পরিবারের শিশুদের সাথে নিজ মাতৃভাষায় কথা বলতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে, আপন স্বাতন্ত্র্যবোধে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কেএইচ সমেন্দ্র সিংহ, বামসাস কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবি হামোম প্রবিত, হৈরোল ফাউন্ডেশনের ফাউন্ডার কোন্থৌজম শিল্পী এবং মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ফাউন্ডার কবি অয়েকপম অঞ্জু।
আলোচনা সভা শেষে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, পুরস্কার প্রদান করা হয়।




