শাবিতে শিবিরের সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৪:০৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে রমজানে সিরাত পাঠ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সিরাত সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাবি শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমেদ। তিনি রাসুল (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে মাসুদ রানা তুহিন বলেন, “আমরা রমজান মাসে রাসুল (সা.)-এর জীবনীগ্রন্থ ‘রাসুল (সা.)-এর বিপ্লবী জীবন’ বিষয়ক সিরাত প্রতিযোগিতার আয়োজন করি। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভিডিও বক্তব্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই দুটি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। ছাত্রশিবির এই আয়োজন করেছে সিরাতকে ব্যাপক প্রচারের স্বার্থে, যাতে সিরাত পাঠের মাধ্যমে আমরা রাসুল (সা.)-এর জীবনী সম্পর্কে জানতে পারি। কেননা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসুল (সা.)-এর জীবন।’ কাজেই তাঁর জীবন থেকে আমরা শুধু ধর্মীয় অনুশাসনই নয়, বরং ন্যায়পরায়ণতা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিকতার সর্বোত্তম শিক্ষা পাই। বর্তমান সমাজের সংকট উত্তরণে তাঁর আদর্শ অনুসরণই হতে পারে আমাদের সর্বোত্তম পথ।”
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় তিনজন বিজয়ীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। সিরাত প্রতিযোগিতায় ১০ জনের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সিরাত গ্রন্থ তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিযোগীদের সিরাত গ্রন্থ প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শাবি শিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল এবং অর্থ সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ান।



