স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখায় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৩:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে দুই বিভাগে ৮ টি দল অংশ নেয়।
জানা যায়, স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখায় শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য আন্তঃক্লাস বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দুইগ্রুপে বিভক্ত করা হয়। যেখানে জুনিয়র গ্রুপে (৬ষ্ঠ, ৭ম, ৮ম) এবং সিনিয়র গ্রুপে (৯ম ও ১০ম) অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। জুনিয়র গ্রপে চুড়ান্ত পর্যায়ের বিষয়বস্তু ছিলো ‘AI (Artificial Intelligence) vs EI (Emotional Intelligence)’। যেখানে ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা ও যুক্তিখণ্ডন ছিলো উপভোগ্য। বিচারকদের বিচারে বিপক্ষ দল জয়লাভ করে।
একইভাবে সিনিয়র গ্রুপের নির্ধারিত বিষয় ছিলো ‘যুদ্ধই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র অন্তরায়।’ এতেও বিরোধী পক্ষ জয়লাভ করে। গত সোম, মঙ্গল ও বুধবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী পহেলা বৈশাখ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে উভয় গ্রুপের সকল প্রতিযোগিকে তাদের প্রাণবন্ত অংশগ্রহণ ও যুক্তিপূর্ণ উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখার অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় তিনি বলেন, আজ ফাইনালে যে দুটি দল তাদের যুক্তি উপস্থাপন করল, তাদের মেধা ও বাগ্মিতা দেখে আমি অভিভূত। বিতর্ক কেবল তর্কের খাতিরে তর্ক নয়; এটি একটি শৈল্পিক লড়াই। এটি আমাদের শেখায় কীভাবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করতে হয়। আজকের এই ‘যুক্তি-তক্কের’ আসরে কেউ হয়তো বিজয়ী হবে, কেউ হবে বিজিত- কিন্তু আমার কাছে তোমরা সবাই বিজয়ী। কারণ, তোমরা তথ্যের পাহাড় ডিঙিয়ে সত্যকে খোঁজার চেষ্টা করেছ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যুক্তিবাদী মানুষের খুব প্রয়োজন। একই সাথে মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বিতর্কের বহুমাত্রিক প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সকলের প্রতি তিনি আহবান জানান।



