নারী ও শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৯:৩৮:৩৪ অপরাহ্ন
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারী ও শিশুদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডাব্লিউবিএস)। বুধবার (২০ মে) সিলেট শহরতলীর নালিয়া মাদরাসা মাঠে শতাধিক নারী ও শিশুর হাতে হাতে ফলজ গাছের চারা তুলে দেয় সংস্থাটি।
এ সময় উপস্থিত ছিলেন ডাব্লিউবিএস -এর সিলেট ডিভিশনাল প্রোগ্রাম কো-অরডিনেটর জুনেদ আহমদ, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, নালিয়া মাদরাসার মুহতামিম মুহিবুর রহমান, মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়ার সাজ্জাদ হোসেন ও আহমেদ সাজু প্রমুখ।
এ সময় ডাব্লিউবিএস -এর সিলেট ডিভিশনাল প্রোগ্রাম কো-অরডিনেটর জুনেদ আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ডাব্লিউবিএস ও মিশন ওয়ান মিলিয়ন দেশব্যাপী গাছের চারা রোপণ করছে। এরই অংশ হিসেবে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান বলেন, বৃক্ষরোপণ একটি সাদাকায়ে জারিয়া। আমাদের মহানবী (সা.) নিজহাতে বৃক্ষরোপণ করেছেন, সাহাবায়ে কেরামকে বৃক্ষরোপণের উৎসাহিত করেছেন। তিনি জন্মদিনে কেক না কেটে বৃক্ষরোপণের আহবান জানিয়ে বলেন, আমাদের উচিত- বছরে অন্তত একটি হলেও বৃক্ষরোপণ করা। -বিজ্ঞপ্তি



