মরিশাসে ফের শ্রমবাজার চালু হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৫:৪৮:৪৯ অপরাহ্ন
- মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানালেন আরিফুল হক চৌধুরী
ডাক ডেস্ক:আফ্রিকার মরিশাসে ফের শ্রম বাজার চালু হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে সোমবার ৮ জুন সকালে মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এর সাথে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬ এ যোগ দিয়েছেন দুইদেশের শ্রমমন্ত্রী।
সভায় দুই মন্ত্রীর মধ্যে মরিশাসে বন্ধ থাকা শ্রম বাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী দুই দেশ।
বৈঠকে মরিশাসে শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন যে, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে মরিশাস আগ্রহী। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারক এর খসড়া বাংলাদেশে শিগগিরই প্রেরণ করবেন মর্মে মারিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন।
এছাড়া, বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহ প্রকাশ করেছে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণ এর বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান। তিনি আরও জানান যে, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী। তিনি মরিশাসের শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মো: আব্দুর রহমান তরফদার; সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশন এর প্রতিনিধি নাহিদা সোবহান; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম; সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম; বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।



