‘শৈলী’র উপদেষ্টা মাজিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে অন্তরঙ্গ আড্ডা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৮:৫০:৩০ অপরাহ্ন
প্রগতিশীল পাঠকসংঘ ‘শৈলী’র উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মাজিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় বক্তারা বলেছেন, সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে শৈলী একটি অপরিহার্য নাম। চিন্তা ও তৎপরতার সংগঠন হিসেবে গত দেড় দশক ধরে শৈলী সিলেটে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিশ্রুতিশীল তারুণ্যের ঠিকানা হিসেবে শৈলীর কর্মতৎপরতা আরও ছড়িয়ে দিতে হবে।
শুক্রবার (১২ জুন) নগরীর শাহী ঈদগায় শৈলীর আয়োজনে অনুষ্ঠিত আড্ডায় বক্তারা আরও বলেন, শৈলীর সদস্যরা চিন্তা ও কর্মে পরিণত হয়ে আজ দেশবিদেশে স্বস্বক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন। এ ক্ষেত্রে মাজিদুল ইসলাম চৌধুরী তাদের একজন। বক্তারা প্রবাসে মাজিদুল ইসলাম চৌধুরী ও শৈলীর অন্যান্য সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলীর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু।
শৈলীর সভাপতি অরুপ নাগের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা ইসমাইল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শৈলীর সুধী ও দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রাহমান, শৈলীর উপদেষ্টা ও সিলেট উইমেন্স কলেজের প্রভাষক হেলাল হামাম, শৈলীর উপদেষ্টা ও ‘বাংলায় আইইএলটিএসের’ ইনসট্রাক্টর ফিদা হাসান, শৈলীর উপদেষ্টা ও মৃত্তিকা ইনস্টিটিউটের কর্মকর্তা সালেহ আহমদ, শৈলীর উপদেষ্টা সাইয়্যিদ মুজাদ্দিদ, শৈলীর যুগ্ম সম্পাদক দেওয়ান নাফি, অর্থ সম্পাদক খায়রুল ইসলাম ও কামাল আহমদ।
অনুষ্ঠানের মধ্যমণি মাজিদুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্রজীবনে শৈলীর একজন কর্মী হিসেবে যা শিখেছিলাম, কর্মজীবনে এটার সুফল পাচ্ছি। আমি মনে করি নিজের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য প্রতিটি ছাত্রের শৈলীতে সময় দেওয়া উচিত। তিনি তাকে নিয়ে শৈলীর ‘আড্ডা ও আলাপ’ আয়োজনের জন্য শৈলীর সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। -বিজ্ঞপ্তি



