ব্রিটেনে মুসলিম ইজতেমায় ভয়াবহ হামলার ষড়যন্ত্র নস্যাৎ, আটক- ১২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ১২:৫৩:২৯ অপরাহ্ন
লন্ডন থেকে বিশেষ সংবাদদাতা
ব্রিটেনের সাফোকের ইপসউইচে আয়োজিত মুসলিম ধর্মীয় সমাবেশ ‘ইউকে ইজতেমা’য় চরম ডানপন্থী সন্ত্রাসীদের একটি ভয়াবহ হামলার ষড়যন্ত্র নস্যাৎ করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। তবে তীব্র হামলার হুমকির মুখে রোববার নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে এই সমাবেশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত এক নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (হোম সেক্রেটারি) শাবানা মাহমুদ জানিয়েছেন, পুলিশের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে সন্দেহাতীতভাবেই বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে।
নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় ১৫ হাজার মুসল্লিকে
সাফোকের বারহামে অবস্থিত শ্রাবল্যান্ড হলে এই ইজতেমার আয়োজন করা হয়েছিল। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ হাজার মুসলমান এই সমাবেশে যোগ দিয়েছিলেন। হামলার হুমকি পাওয়ার পর তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দ্রুত ‘মেজর ইনসিডেন্ট’ (গুরুতর পরিস্থিতি) ঘোষণা করে। এরপর একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে সব মুসল্লিকে নিরাপদ দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করা হয়।
কাউন্টার টেররিজম পুলিশিং (সিটিপি)-এর কমান্ডার হেলেন ফ্লানাগান জানিয়েছেন, হামলার ষড়যন্ত্রের বিষয়টি জানতে পারার সাথে সাথেই তাঁর বাহিনী দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান শুরু করে। সোমবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।
সারে এলাকা থেকে ৫৫, ৬০ এবং ৮২ বছর বয়সী তিন পুরুষকে সরাসরি হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে রোববার গ্রেফতার করা হয়। রোববার ও সোমবার মিলিয়ে আরও ৮ জন পুরুষকে সন্ত্রাস আইনের আওতায় গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে সারে এলাকা থেকে ২৭ ও ২৯ বছর বয়সী দুজন, এসেক্স থেকে ৪২ বছর বয়সী দুজন, ইপসউইচ থেকে ২৭ বছর বয়সী একজন এবং গ্রেটার ম্যানচেস্টার থেকে ৩৫ বছর বয়সী একজনকে রোববার গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল সোমবার সর্বশেষ অভিযানে লন্ডন থেকে ৩১ ও ৩৩ বছর বয়সী আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই চরমপন্থী দলটির একজন সদস্যকে সহায়তা করার দায়ে সোমবার ইস্ট লন্ডন থেকে ৪৮ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে।
এই ন্যাক্কারজনক ষড়যন্ত্রের পর ব্রিটিশ মুসলিমদের আশ্বস্ত করে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন, “ব্রিটিশ মুসলিমদের জন্যে বিষয়টি অত্যন্ত উদ্বেগের, আমি সেটা পুরোপুরি উপলব্ধি করি। ঘৃণা এবং বিদ্বেষের বিরুদ্ধে আমাদের সবাইকে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই মুক্ত দেশটির সহানুভূতি ও সহনশীলতার যে অবস্থান আমরা ধারণ করি, তার ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ইপসউইচের বারা কাউন্সিলার রুমান মুহিত পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতার জন্যে তাদের ধন্যবাদ জানান।


