ছাত্রদলের অবস্থান ধর্মঘট কর্মসূচি
দিরাই’র ইউএনও’র বিরুদ্ধে আওয়ামীলীগ পুনর্বাসনের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৭:২৪:২৪ অপরাহ্ন
উবাইদুল হক দিরাই (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম এবং ইউএনও’র বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। আজ মঙ্গলবার সকালে ইউএনও’র কার্যালয়ের সামনের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত কর্মসূচীতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী ফলাফল বাতিলের দাবি জানানো হয়েছে।
দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও সদস্য সচিব তানবীর চৌধুরী’র নেতৃত্বে দিরাই সরকারি কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী একর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান আহমেদ অভিযোগ করে বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগ ফ্যামিলি কার্ড শুমারিতে দিরাই উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্যতা ও মেধার পরিবর্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগ পরিবারের লোকজন এবং ইউএনও অফিসের স্টাফদের আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এবিষয়ে শুরুতে থেকেই ইউএনও’র কাছে অভিযোগ করা হয়েছিল। কিন্তু তিনি কোনো সুরাহা না করে উল্টো আমাদেরকে মামলার ভয় দেখিয়ে ইউএনও বলেন,এসব বিষয়ে আন্দোলন করলে সরকারি কাজে বাধা প্রদান করা হয়েছে জানিয়ে আন্দোলকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। ইউএনও সনজীব সরকার দিরাইবাসীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন। এজন্যে আমরা আজ প্রথমে রাজপথে অবস্থান নিয়েছিলাম। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা শহীদ মিনার প্রাঙ্গণে এসে অবস্থান নিয়েছি। অবিলম্বে বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেয়ার দাবি জানান।
ছাত্রদল নেতা সালমান আহমেদ বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে ইউএনও সনজীব সরকার ছাত্রজীবনে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি প্রায় ১৩-১৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ দিয়েছেন। আমাদের কাছে লিখিত অভিযোগ আছে, গণমাধ্যমকর্মীরা চাইলে আমরা দেখাতে পারবো।
কর্মসূচীতে ছাত্রদল নেতৃবৃন্দ আরও বলেন, শুমারি কার্ড বাস্তবায়ন উপজেলা কমিটির সভাপতি এবং নিয়োগ পরীক্ষার সভাপতিও ইউএনও। এমন অবস্থায় এই নিয়োগ প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হয়েছে তা প্রশ্নবিদ্ধ। তাই আমরা দাবি জানাই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে পুনরায় নিয়োগ প্রক্রিয়া করা হোক।
অবস্থান কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, এর মধ্যে বিষয়টির সুরাহা না হলে এই ইউএনও’র অপসারণে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এবিষয়ে যোগাযোগ করা হলে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন, ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ হয়েছে এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে কিন্তু আজকের অবস্থান কর্মসুচি কি কারনে আমার জানা নেই।




