জিএসসি ইউকে’র প্রথম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৭:০৮:১৫ অপরাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। গত ১৭ আগস্ট (সোমবার) বার্মিংহামের ডগ এলিস স্পোর্টস সেন্টারে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় স্পোর্টস সেক্রেটারী সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে ব্যাডমিন্টন খেলোয়াড়, জিএসসি’র নেতৃবৃন্দ, রিজিওনাল প্রতিনিধিসহ কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য এতে অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন জিএসসি’র ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ৮২টি ঠিম অংশ গ্রহণ করে।
দুপুর ১২টায় প্রতিযোগিতা শুরু হয়। জিএসসি’র চেয়ারপার্সন সালেহ আহমেদ অতিথি ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বাগত জানান। জাতীয় নির্বাহী কমিটির (NEC) পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফিরুজ খান প্রতিযোগী ও অতিথিদের জন্য দুপুরের খাবার এবং সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করেন।
প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাদশা প্যালেসে। সেখানে খেলোয়াড়, আয়োজক, অতিথি ও কমিউনিটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে এই সফল আয়োজন উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আইয়ুব খান এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মায়েন চৌধুরী সুমন, কাউন্সিলর তাজ উদ্দিন এবং কাউন্সিলর মমতাজ হোসেনসহ বিশিষ্ট অতিথিরা।
ফাইনাল ম্যাচে অতিথি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা ক্রীড়ার পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগের একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।
জিএসসি’র সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক খসরু খান অনুষ্ঠানের আয়োজনে বিশেষ ভূমিকার জন্য সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র সদস্য, রিজিওনাল নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্যদেরও তারা ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জিএসসি’র উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রিয় সহ সভাপতি কামরুল হাসান চুনু ও আব্দুস শহীদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের সাবেক চেয়ারপার্সন ফখর উদ্দিন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী সৈয়দ আবু সায়েদ আহমেদ, সাউথ ইস্ট রিজিওনের সাধারন সম্পাদক সুফি সুহেল আহমেদ, সিতার মিয়া, মাফিজ খান, কাজী আঙ্গুর মিয়া, রঞ্জু মিয়া, নর্থ ইস্ট রিজিওনের সাধারন সম্পাদক সৈয়দ শরীফ আহমদ, সাউথ ইস্ট রিজিওনের টেজারার আবুল মিয়া, স্পোর্টস সেক্রেটারী কাজি আকমল তাজ, লেস্টার ব্রাঞ্চের সাধারন সম্পাদক শাহ আজমান আলী, ইস্ট লন্ডন ব্রাঞ্চের ট্রেজারার সালেহ আহমেদ, সাউথ ওয়েস্ট রিজিওনের স্পোর্টস সেক্রেটারি জাহাঙ্গীর আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি সাউথ ওয়েস্ট রিজিয়ন সানি মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
পুরস্কার বিজয়ীরা-
ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন:
বাবরু ও কিরণ — বার্মিংহাম
রানার্স-আপ:
শাহাব উদ্দিন ও রহমত আলী — লিভারপুল
সেমিফাইনালিস্ট:
রাসেল ও সৈয়দ — কিডারমিনস্টার
তাজ ও অনিক — বার্মিংহাম
লোয়ার ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন:
শুহেদ ও শুয়াইব — কার্ডিফ
রানার্স-আপ:
মুহন ও আঙ্গুর — অক্সফোর্ড ও বার্মিংহাম
সেমিফাইনালিস্ট:
মাজ ও হাবিব — ক্রয়ডন
মোস্তাক ও কবির — ওল্ডহ্যাম
আয়োজকদের বক্তব্য
আয়োজকরা মনে করছেন, জিএসসি’র প্রথম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সংগঠনের কার্যক্রমে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়দের অংশগ্রহণ এবং কমিউনিটি নেতৃবৃন্দের সক্রিয় সহযোগিতায় প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে জিএসসি’র অধীনে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া ও কমিউনিটি কার্যক্রম পরিচালনার পথ তৈরি হয়েছে।
প্রথম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার সফল আয়োজনের মধ্য দিয়ে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র ক্রীড়া ও কমিউনিটি কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।



