সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসের দিনব্যাপি পৃথক কর্মসূচিতে বক্তারা বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। তারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশ গঠনে বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করতে হবে। একটি মানবিক বাংলাদেশ গড়তে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সকালে সিলেটের সর্বস্তরের মানুষ ফুল হাতে নিয়ে চৌহাট্টায় জড়ো হন। তারপর সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভা ছাড়াও দিবসের অন্য কর্মসূচির মধ্যে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছিলো।
জেলা প্রশাসন :
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, জনগণের একতা বন্দুকের গুলির চেয়ে শক্তিশালী। যারা বন্দুকের গুলিকে শক্তিশালী মনে করেছে তারাই ঐক্যবদ্ধ জনতার শক্তির কাছে বারবার পরাজিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
বিভাগীয় কমিশনার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে সকল দিক দিয়ে মেধাশূন্য করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় । তিনি বলেন, অন্যায়ের কোন রং নেই। প্রত্যেক কষ্ট, নিপীড়ন, অবিচার এবং বৈষম্যের রং এক। অদম্য এ জাতিকে কোনভাবে দমিয়ে রাখা যাবে না। যতবার এ জাতি বৈষম্য, শোষণ, অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে ততবারই সে প্রতিবাদী কণ্ঠে ঘুরে দাড়িয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমরা ১৯৭১ সালে এদেশের বুদ্ধিজীবীদের হারিয়েছি। এ শূন্যতা অপূরণীয়। তবে আমরা স্বাধীনতার পরে সে মানের বুদ্ধিজীবী তৈরি করতে পারিনি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, মাদকের কড়াল গ্রাস ও সন্ত্রাসী কার্যক্রম থেকে তরুণ প্রজন্মকে রক্ষার মাধ্যমে আগামীর বাংলাদেশে মেধাসম্পন্ন বুদ্ধিজীবী তৈরি করতে হবে।
আলোচনা সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মু: মাসুদ রানা, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজ :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
আয়োজক কমিটির সভাপতি ও রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে ও এইচএসসি বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান পারভেজ। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ যুননূরাইন।
এদিকে, সিলেট সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার ও কম্পানি লে. মো. মনিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিতুন, ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার সভাপতি রোটারিয়ান রাসেল মাহবুব।
উপস্থিত ছিলেন এবিএম এনায়েত হোসেন, রুফিয়া বেগম, ইমন কান্তি দাস, ফারক হাসান সুজন, মইনুল হক, সুলতান রাজু, মাসুদা সিদ্দিকা, আয়শা আক্তার, মুহিত খান, জুমায়ের আহমদ তামিম, আহসান প্রমুখ।
সুরমা বয়েজ ক্লাব :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য মাসুক আহমদ প্রমুখ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে গতকাল রোববার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
গণজমায়েতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সিলেট মহানগর শাখার সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান সোহেল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন, ইকন্দার মির্জা, মোহাম্মদ আকবর আলী ফকির, কিশোর মাসকুর হোসেন ইবনে মকসুদ প্রমুখ।
স্কলার্সহোম মেজরটিলা :
মহান মুক্তিযুদ্ধের এক বেদনাবিধুর অধ্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বক্তব্য রাখেন প্রভাষক মুহিয়ারা বেগম, প্রভাষক মো. সাগর আহমেদ ও প্রভাষক রাজন সরকার।
অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের জীবন ও আত্মত্যাগ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্ব শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা মো. উসমান গণি। দোয়া মাহফিলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে একাদশ ও দাদশ শ্রেণির সকল শিক্ষার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জাগপা সিলেট মহানগর :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল রোববার সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাগপার সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিলেট মহানগরের সহ সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ঈমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, সহ সধারণ সম্পাদক কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রাসেল আহমদ প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা :
দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনীক চৌধুরী। বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মমতাজ বেগম, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফারে ইয়াসমিন, উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ সুহেল রানা, দক্ষিণ সুরমা উপজেলা স্কাউট সম্পাদক ফয়জুর রহমান। এর আগে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনীক চৌধুরী উপজেলা প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দিয়ে শুদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শান্তিগঞ্জে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ :
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উজানীগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা: তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল্লাহ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আতাউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী ।
শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রোববার সকালে উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস-এর নেতৃত্বে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান-এর নেতৃত্বে পুলিশ বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স হল রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সুরুজ, সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ মৌলভী আব্দুল হাফিজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিমসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।




