সিলেট-১ আসনে মুক্তাদিরের প্রচারণায়
ধানের শীষের পক্ষে আমরা এক ও অভিন্ন : সাবেক মেয়র আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে এবার আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন এ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী, সিলেট সিটি কপোরেশনের একাধিকবারের মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক কয়েকজন কাউন্সিলর ও খন্দকার আব্দুল মুক্তাদিরকে সাথে নিয়ে হাতে হাত ধরে গতকাল সোমবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় আকস্মিক প্রচারণায় নামেন।
প্রচারণা গিয়ে শেষ হয় দরগাগেইট এলাকায়। গণসংযোগকালে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, সিলেটের উন্নয়ন হয়েছে। অন্য কোনো সরকার এখানে দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। কাজেই আমরা মনে করি, জনগণ এবারও বিএনপির পক্ষে রায় দেবেন। বিএনপির একজন সদস্য হিসেবে বিগত দিনে আমি নগরীতে মানুষের সেবা করেছি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনগণ দুই দুইবার আমাকে নির্বাচিত করেছিল। এই নগরীর একজন সেবক ছিলাম আমি। সেই প্রেক্ষিতে নগরীর প্রত্যেক বাসিন্দার কাছে আমি সংসদ নির্বাচনে খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট চাইছি। শুধু এই সিলেট-১ আসন নয়, সিলেট জেলার ছয়টি আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করাতে আমরা গণমানুষের প্রতি আহবান জানাচ্ছি।
আরিফ আরও বলেন, ‘আমরা ধানের শীষের পক্ষে এক ও অভিন্ন। আমরা শেষদিন পর্যন্ত আমাদের একতা বজায় রেখে কাজ চালিয়ে যাবো। বিএনপির সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। মুখে ইসলামের কথা বলে মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা যারা করে, তারা কেমন রাজনীতি করেন তা মানুষের জানা হয়ে গেছে। সাইবার বুলিং এবং অনলাইনে অপপ্রচার সম্পর্কে জনসাধারণকে সচেতন থাকতে হবে।’
এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মেয়র ছিলেন। তিনি কাউন্সিলরদের নিয়ে এই নগরীর চেহারা বদলাতে কাজ করেছেন। এবারের জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে আমাদের বিএনপির দলীয় প্রার্থী। তাঁর চরম ব্যস্ততার মধ্যেও তিনি ভালোবাসার টানে, দায়বদ্ধতার টানে সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে ছুটে এসেছেন, সাবেক কাউন্সিলরবৃন্দরাও সাথে আছেন, যা এখানে বিএনপির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
এদিকে, খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফুল হক চৌধুরীসহ সাবেক জনপ্রতিনিধিদের এই প্রচারণা নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাদের প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক সাধারণ মানুষও যোগ দেন।
গণসংযোগে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম, নাজমুল হোসেন, সেলিম আহমদ রনি, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, কমিশনার ওলিউর রহমান চৌধুরী সুহেল, জামাল আহমদ, উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, শহীদ আহমদ চেয়ারম্যান প্রমুখ। এদিকে, সকাল ৮টা থেকে টুকেরবাজারের কাঁচাবারজার থেকে খন্দকার মুক্তাদির গণসংযোগ শুরু করেন। পরে মহানগর ও সদরের বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রদল সহ-সভাপতি নোমান আহমদ প্রমুখ। প্রসঙ্গত, সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫৩১৮৬ ও মহিলা ভোটার ৩২৭৭৪৭। আসনটিতে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াতের জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ছাড়াও আরো ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



