আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে শাহ ইউসুফকে নিয়োগ দিল লেমফাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ১:৪৯:০৯ অপরাহ্ন
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে
শাহ ইউসুফকে নিয়োগ দিল লেমফাই
লন্ডন প্রতিনিধি ॥ বিশ্বের দ্রুত বর্ধনশীল ফিনটেক (আর্থিক প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানকারী) প্রতিষ্ঠান লেমফাই (LemFi) আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রম (বিদেশ থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর সেবা ও বাজার) পরিচালনার দায়িত্বে ব্রিটিশ বাংলাদেশি ফিনটেক বিশেষজ্ঞ, ব্যবসায়িক পরামর্শক ও গণমাধ্যম উদ্যোক্তা শাহ ইউসুফকে নিয়োগ দিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স বাজার বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে লেমফাই দ্রুত বৈশ্বিক সম্প্রসারণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি লন্ডনকে তাদের বৈশ্বিক সদর দপ্তর হিসেবে ঘোষণা করেছে এবং আগামী পাঁচ বছরে যুক্তরাজ্যে ১০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। বর্তমানে লেমফাই বিশ্বের ৩০টিরও বেশি দেশে ২০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে এবং প্রতি মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আন্তর্জাতিক অর্থ লেনদেন পরিচালনা করছে।
শুরুতে ডিজিটাল রেমিট্যান্স প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে লেমফাই অভিবাসী জনগোষ্ঠীর জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অর্থ পাঠানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট, সঞ্চয় ও ঋণ সুবিধা, Send Now, Pay Later (SNPL), ক্রেডিট মনিটরিং এবং সম্প্রতি Wealth8 অধিগ্রহণের মাধ্যমে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা সেবাও প্রদান করছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী অভিবাসীদের আর্থিক জীবন আরও সহজ, নিরাপদ ও সমৃদ্ধ করতে একটি নির্ভরযোগ্য আর্থিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত লাখো বাংলাদেশি প্রতিবছর দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠান। এ কারণে লেমফাই বাংলাদেশের রেমিট্যান্স বাজারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। নিরাপদ, আধুনিক ও সহজলভ্য আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।


