দিরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি ও হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৪:২৫:৪৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি এবং নিয়মিত হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় এক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড ও উপজেলার রনারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই শাহ আলম সহ একটি বিশেষ দল এ অভিযান চালায়।
অভিযানে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শহরের নতুন বাগবাড়ি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৫) ও আব্দুল করিমের ছেলে মোঃ মারুফ আহম্মদ (২৫) গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে পৃথক আরেকটি অভিযানে উপজেলার রনারচরের নিজ বাড়ি থেকে মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি রুপ মিয়ার ছেলে মেরাজ মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




