শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০১:০১ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেফতারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আশিক মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতুপী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মামলার আসামি মো. আশিক মিয়াকে দোকান থেকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আসামি পালিয়ে যায়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।



