সিকৃবির ১১ পদ থেকে ৫ শিক্ষক ও ৪ কর্মকর্তার পদত্যাগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:১১:৪৩ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্বদ্যিালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে ৫ শিক্ষকসহ মোট ৯ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা সবাই বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশের সংগঠন সাদা দলের সদস্য।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন পদত্যাগকারী শিক্ষক ও কর্মকর্তারা।
পদত্যাগকারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের এমএজি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, হযরত শাহজালাল (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হক, হযরত শাহপরান (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, দূররে সামাদ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহজাহান মজুমদার, ঢাকার গেস্ট হাউসের অফিসার ইনচার্জ ও ডেপুটি রেজিস্ট্রার মো. বাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্যাম্পাসের গেস্ট হাউসের অফিসার ইনচার্জ গাজী মো. জহিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান।
মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়োগ ও আর্থিক দুর্নীতি করে আসছেন। যখন তখন যাকে তাকে শোকজ ও হয়রানি করছেন। আবেদন করার নূন্যতম যোগ্যতা নাই এমন লোকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
শিক্ষকদের আনা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। তিনি বলেন, যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তারা সকলেই যোগত্যসম্পন্ন। কোন অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। শিক্ষক নিয়োগ আমার একক সিদ্ধান্ত না, বোর্ড বসে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা যত বক্তব্য দিয়েছে, সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন। যারা পদত্যাগ করেছে তাদেরকে ২ বছরের মেয়াদান্তে এক্সটেনশন দেওয়া হয়েছিল। তারা এখন দায়িত্ব পালন করতে চাইতেছে না, সেজন্য সরে গেছে। এখন আবার বলছে পদত্যাগ করছে। যারা এসব অভিযোগ করেছে, এই যুগে তাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। কলেজ থাকায় তারা শিক্ষক হয়েছিল।




