দিরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৪:২৫:২০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি, দিরাই শাখার সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং ভবিষ্যতে তাদের আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই এই ক্যাম্পেইনের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দিরাই শাখার ব্যবস্থাপক মো. আবুল বাশারের পরিচানায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদির এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী শুভমিতা সরকার।
স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি, দিরাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বাবুল হোসেন আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি’র সিলেট অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এস এম শহীদুল ইসলাম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল এবং সোনালী ব্যাংক পিএলসি, দিরাই শাখার ব্যবস্থাপক দেবব্রত মিশ্র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসান, বাংলাদেশ কৃষি ব্যাংক দিরাই শাখার ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ মোহন্ত, জনতা ব্যাংক ব্যবস্থাপক রফিক উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক রুকন চন্দ্র পাল, আইএফআইসি ব্যাংক ইনচার্জ তুষার খান, মকসদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার আব্দুল জলিল ও সাংবাদিক উবাইদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ক উপস্থাপনা এবং তানজিনা সুলতানা লাকির পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



